Sunday, 24 May 2015

পাবলো নেরুদা : ইল পোস্তিনো


পাবলো নেরুদার জীবনের একটি পর্যায় নিয়ে তৈরি মাইকেল ব্রাডফোর্ডের ছবি "ইল পোস্তিনো"তে ছোট বড় অনেক কবিতা ব্যবহার করা হলেও; ধমনি, যকৃত, ফুসফুসের কাজ করেছে নিচের তিনটি কবিতা।বড় পর্দায় ১৯৯৪ তে নেরুদার বন্ধু স্থানীয় ডাক হরকরার ভূমিকায় মাসিমো ত্রোয়াসির মুখে কবিতাগুলোর পাঠ শোনা পুনর্জন্ম নেবার বোধ সঞ্চার করে!কবিতাগুলোর অনুবাদ শুরু করি ১৯৯৭তে; এখনো কি শেষ করতে পেরেছি!

তোমাকে পছন্দ করি স্থিরঃ

তোমাকে পছন্দ করি এক্কেবারে স্থির
এমনটা যেনো তুমি আসলে নেই
আমাকে শুনতে পাচ্ছ দূর থেকে,
কিন্তু আমার গলার স্বর তোমাকে ছুচ্ছে না
তোমার চোখগুলো কোথায় উড়ে গেছে
তোমার মুখ তালামারা চুমুর সিলগালায়

সবকিছুতে আমার আত্মা
তুমি আবার আমার সবকিছুতে
আমার আত্মার স্বপ্নের প্রজাপতি
এবং তুমি “বিষণ্ণতা” নামক
শব্দটার ধারক ও বাহক

তোমাকে পছন্দ করি এক্কেবারে স্থির
মনে হতে পারে তুমি শোকাহত
প্রজাপতি কাতরাচ্ছে ঘুঘু পাখির মত
দূর থেকে ঠিকই তুমি আমাকে শুনতে পাচ্ছ
কিন্তু আমার গলা তোমার কাছে পৌছোচ্ছে না
আমাকে তোমার নীরবতায় সুস্থির হতে দাও
তোমার নীরবতার সাথে আমাকে কথা বলতে দাও
সে-কথাগুলো পিদিমে জ্বলজ্বলে
আংটিতে সাধারণ , তারাদের ভিড়ে তুমি রাত
তোমার নীরবতা অনেক দূরের তারাদের সিথানে কাত

আমি তোমাকে চাই এক্কেবারে স্থির
কিন্তু তুমি নেই, দূরে অনেক দূরে দুঃক্ষিত
আর হবে হয়ত মরে গিয়েছ
একটু কথা, একটু হাসি-তাই যথেস্ট
তাতে আমি খুশি, খুশি যে এসবের কোনটাই সত্যি না

কবিতাঃ

এবং ঐ বয়সটাতে...কবিতা এসেছিল
আমার খোঁজে। আমি জানতাম না,
জানতাম না কোথ্যেকে,
শীতকাল না কি নদী থেকে,
কিভাবে কখন জানতে পারি নি,
না, কোনরকম শব্দও শুনিনি,
নিশব্দও না,
কিন্তু রাস্তা থেকে ও আমাকে ডেকেছিল,
পুড়তে পুড়তে,
ভয়ঙ্কর আগুনের হলকায় হুটোপুটি করতে করতে,
রাতের ডালপালারা ডেকেছিল ইশারায়ঃ
ভিড় থেকে দূরে সরে যেতে বলেছিল
আমার তখন কোন চেহারা ছিলনা
কিন্তু কবিতা ঠিক ঠিক আমার
চেহারাকে ছুঁয়েছিল

জানতাম না ঠিক কি বলতে হবে,
আমার মুখে নাম ধাম তেমন আসেনা,
চোখ তখন অন্ধ,
ভেতরে কেমন একটা তোলপাড়,
জ্বর জ্বর ভাব যেনো পথ হারানো ডানা-ভাঙ্গা পাখি,
কিন্তু ঠিকই পথ বের করে ফেলেছিলাম
ঐ ভয়ঙ্কর আগুনের গোপন সংকেতের পাঠ শিখে নিয়েছিলাম,
প্রথম অস্পষ্ট লাইনটি হুট করে চলে এসেছিল,
অস্পষ্ট , বড় কোন অর্থ নেই, কিন্তু খাটি,
আগামাথা নেই, বকুনি,
কিন্তু নির্ভেজাল জ্ঞান,
অজ্ঞানে জ্ঞান আর কি
হঠাত স্বর্গ দেখে ফেলেছিলাম,
স্বর্গের দুয়ার খুলছে
আর বন্ধ হচ্ছে
তারারা পিট পিট করছে
ছায়ারা ছিড়ছে খুড়ছে
ছায়াতে, তারাতে
তির ধনুকে, আগুন এবং ফুলদের ধাঁধাঁ,
রাত আর পৃথিবী এলানো বিশ্রামে।

এবং আমার অস্তিত্বের শেষ নেই,
মহান তারাদের শূন্যতায়
মাতাল,রহস্যের ছবি ও ছায়ায়
নিখোজ নিজের ভেতরের গোলক ধাঁধাঁয়
কিন্তু খাটি
বাদলা বাতাসে তারাদের মেলায়

নগ্ন সুন্দরির বন্দনায়ঃ

খাস কলিজায়
পাক সাফ চোখে
আমি তোমার সৌন্দর্জ উদজাপন করি
অঝরে ঝরা রক্তপাত ধরে রাখি
যাতে তা লাগাম পরাতে পারে
আমার কবিতায় শোয়া
তোমার শরীরের বাকে
জংগল ঘেরা জমিতে
অথবা সমুদ্রে সার্ফিংঃ
সুগন্ধি ফেনায়
সাগরের বাজনায়।

ওগো নগ্ন সুন্দরিঃ
সমান তালে তালে সুন্দর
তোমার পায়ের পাতা
প্রাচীন বাতাস আর শব্দের
কারুকাজ আঙ্গুলের ভাজেঃ
কানের লতি
আমেরিকান সাগর সেচা
ছোট ছোট শামুকের খোল;
পুরুষ্ঠ বুক জোড়ায়
জ্যন্ত জ্যন্ত আলোর কলরোল
উড়ন্ত
পাপড়িরা
খুলছে
আর ঢাকছে
চোখের দুই গভীর মহাদেশ

তোমার ঘাড়ের বাক
যেখানে দু’ভাগে হারিয়েছে
ধুসর পায়ের চামড়ায়
সেখানেই গলেছে
মাঝখানে সমান করে কাটা
আপেলের জমকালো দুটি টুকরো,
তোমার সৌন্দর্জ দু’ভাগে নেমে যায়
সোনায় মোড়ানো দুটি থাম্বায়-
আমরা যাদের বলি রান বা উরু
ধীরে ধীরে ডূবে যায়
আঙ্গুরের থোকায় ঢাকা
পায়ের পাতায়,
ওখানে তোমার জমজ গাছ
আবার পোড়ে এবং আবারো ওড়েঃ
আগুন ঝরায়, ঝাড়বাতি দোলায়,
গাছপাকা ফল
সাগরের সাথে পৃথিবীর
মিতালি পাতায়

কি খনিজে, কি ভেষজে
তৈরি তোমার দেহা-
মনকা পাথরে, সোলেমানি আকিকে,
সিলিকা বালুকনায়, গমের একহারা দানায়,
তান্দুরিতে ফুলে ওঠা পাউরুটি
সংকেত পাঠাচ্ছে
রূপালী
পাহাড়কে,
মিষ্টি ফলের ভেতর
নরম মখমল,
ততক্ষন হাশফাশ
যতক্ষন আশ
তুলতুলে আর পেটোয়া
নারীর গড়ন?

শুধুমাত্র আলো
পৃথিবিতে ঝরে না,
তোমার দেহের ভেতর ছড়াচ্ছে
দম আটকানো তুষার
ধরেই নিয়েছে ওরা
ভিতর বাড়িতে তুমি পুড়ে খাক

বাহির বাড়িতে চামড়ার ভাজে ভাজে চাদের সর্বনাশ

চয়ন খায়রুল হাবিব

১৯৯৭-২০০৮
লন্ডন/ব্রিটানি

আবৃতি বা আবার ছাপতে অনুবাদকের অনুমোদন বাঞ্ছনিয়।চখাহা।